মূল লেখায় যান
এই সময়

দুপুর ১:৪৫

সর্বশেষ

ডেঙ্গু জ্বরে যেসব লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে যাবেন

ডা. নওরোজ আহমেদ রায়হান:

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
ডেঙ্গু জ্বরে যেসব লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে যাবেন

ডেঙ্গু হলে সাধারণত জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরব্যথা, বমি বমি ভাব ও ত্বকে র‍্যাশ দেখা দেয়। তবে ডেঙ্গু জ্বরে শ্বাসকষ্ট, কাশি কিংবা পেটব্যথা দেখা দিলে বিষয়টিকে কখনোই অবহেলা করা উচিত নয়। জ্বর কমে যাওয়ার পরও এ ধরনের উপসর্গ দেখা দেওয়া জটিলতার লক্ষণ হতে পারে। তাই এমন উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শ্বাসকষ্ট ও কাশি কেন হয় ডেঙ্গুতে শ্বাসকষ্টের পেছনে একাধিক কারণ থাকতে পারে। গুরুতর ডেঙ্গুতে রক্তনালি থেকে তরল বেরিয়ে বুকের গহ্বরে জমতে পারে, যাকে প্লুরাল ইফিউশন বলা হয়। ফুসফুসের চারপাশে তরল জমলে শ্বাস নিতে কষ্ট হয়। এ ছাড়া ফুসফুসে পানি জমা, রক্তক্ষরণ, হৃদ্‌যন্ত্রের সমস্যা কিংবা ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়ার মতো সংক্রমণও শ্বাসকষ্টের কারণ হতে পারে। অনেক সময় অতিরিক্ত স্যালাইন নিলেও শরীরে পানি জমে যেতে পারে।

কাশি ডেঙ্গুর প্রধান বা নির্দিষ্ট লক্ষণ নয়। তবে জ্বরের সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট থাকলে ফুসফুসের সংক্রমণসহ অন্যান্য সম্ভাব্য কারণ যাচাই করা প্রয়োজন।

পেটব্যথা কি ডেঙ্গুর বিপদের সংকেত ডেঙ্গুতে তীব্র বা একটানা পেটব্যথা একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত। এর সঙ্গে বারবার বমি, পেট ফুলে যাওয়া, রক্তবমি, কালো পায়খানা, অস্বাভাবিক দুর্বলতা, অস্থিরতা কিংবা প্রস্রাব কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ শরীরে তরলের ভারসাম্যহীনতা, রক্তক্ষরণ অথবা গুরুতর ডেঙ্গুর ইঙ্গিত হতে পারে। মনে রাখতে হবে, ডেঙ্গুর সংকটকাল অনেক সময় জ্বর শুরুর তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে, বিশেষত জ্বর কমার সময় শুরু হতে পারে।

কখন হাসপাতালে যেতে হবে নিচের যেকোনো একটি লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে—

  • শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া।

  • তীব্র বা একটানা পেটব্যথা।

  • বারবার বমি হওয়া বা কিছুই খেতে না পারা।

  • নাক, মাড়ি বা শরীরের অন্য কোনো স্থান থেকে রক্তপাত।

  • অস্বাভাবিক ঘুমঘুম ভাব, অস্থিরতা বা অজ্ঞান হয়ে যাওয়া।

  • হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া অথবা প্রস্রাব উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

অতিরিক্ত তরল হিতে বিপরীত করতে পারে ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল গ্রহণ করতে বলা হয়। তবে শ্বাসকষ্ট বা শরীরে তরল জমার লক্ষণ থাকলে অতিরিক্ত তরল, বিশেষ করে শিরায় স্যালাইন দেওয়া বিপজ্জনক হতে পারে। তাই রোগীকে কতটুকু তরল দেওয়া হবে, তা রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করবেন।

জ্বর ও ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শে প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। তবে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ও অন্যান্য ব্যথানাশক ওষুধ এড়িয়ে চলতে হবে। কারণ, এসব ওষুধ রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে। আর পেটের ভেতর রক্তক্ষরণ হলে তীব্র পেটব্যথা হতে পারে।

খবরটি শেয়ার করুন