হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, শুরুতে চারটি ফ্লাইট দিয়ে এর কার্যক্রম শুরু হবে এবং ধীরে ধীরে ফ্লাইট বাড়তে থাকবে। পুরো টার্মিনাল চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
বিমানমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
রাজস্ব ভাগাভাগির বিষয়ে মন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে রাজস্ব ভাগাভাগির হার ছিল ১৫ শতাংশ। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করতে পেরেছে। এতে আগের চুক্তির তুলনায় বাংলাদেশ ১২ শতাংশ বেশি রাজস্ব পাবে। তিনি আরও জানান, আংশিকভাবে টার্মিনাল চালুর সময় সব ফ্লাইট সেখানে স্থানান্তর করা হবে না। পর্যায়ক্রমে কার্যক্রম বাড়লে এবং পূর্ণাঙ্গ সক্ষমতায় পরিচালনা শুরু হলে বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাবে।
জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু শর্ত নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। তবে সেগুলো নিয়ে সরকার খুব বেশি পিছিয়ে নেই।
চুক্তির একটি শর্তে বলা হয়েছে, তৃতীয় টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর করা যাবে না। এ বিষয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাই করে দেখা গেছে, ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই। আর নতুন একটি বিমানবন্দর নির্মাণ করে পরিচালনায় আনতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ফলে এই শর্ত মেনে নেওয়ায় আপাতত বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি।
বর্তমান আন্তর্জাতিক টার্মিনাল ভবনটি ভবিষ্যতে ব্যবহার করা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন টার্মিনাল চালুর পরও পুরোনো টার্মিনাল ব্যবহারের সুযোগ থাকবে। আগামী ১৪ মাস পুরোনো টার্মিনাল আন্তর্জাতিক কার্যক্রমে ব্যবহার করা যাবে। বর্তমানে যেসব আন্তর্জাতিক এয়ারলাইনস রয়েছে, সেগুলোকে তৃতীয় টার্মিনালে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে দুই পক্ষের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।
পুরোনো টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য এয়ারলাইনসের জন্য ব্যবহারের সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে এ বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরবর্তী সময়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।
এদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের বিষয়ে বিমানমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর এটি উদ্বোধন হচ্ছে না। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে।