আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পর্যাপ্ত পণ্য আমদানির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খোলা বাজারে পণ্য বিক্রির পরিধিও বাড়ানো হচ্ছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। গত রমজানে ৪৫০টি ট্রাকে এ কার্যক্রম পরিচালিত হয়েছিল। ট্রাকের সংখ্যা বাড়ানোয় সুবিধাভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখে উন্নীত হবে। এতে নতুন করে আরও ৬ লাখ মানুষ কম দামে নিত্যপণ্য কেনার সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, রমজান সামনে রেখে পর্যাপ্ত পণ্য আমদানির এই উদ্যোগ এবং টিসিবির ট্রাকসেলের পরিধি বৃদ্ধি দেশের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। এর মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে অনেকাংশে স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, পবিত্র রমজান সামনে রেখে নিত্যপণ্যের পাইকারি বাজারে আমদানির ধারা বেশ চাঙা রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
বিশেষ করে ইফতারের অন্যতম প্রধান উপাদান ছোলার আমদানি গত বছরের মাত্র ১২ হাজার টন থেকে বেড়ে এবার ৮২ হাজার টনে পৌঁছেছে। একই সময়ে চিনির আমদানি ১ লাখ ৫৩ হাজার টন বেড়ে ৬ লাখ ৮৭ হাজার টন এবং মসুর ডালের আমদানি ৬৪ হাজার টন বেড়ে ১ লাখ ২২ হাজার টনে দাঁড়িয়েছে। এ ছাড়া ভোজ্যতেল ও খেজুরের আমদানিও সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে টিসিবি ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
খেজুরের সরবরাহ বাড়াতেও বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এবার আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানি করা হবে। দেশটি থেকে প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব ইতিমধ্যে পাঠিয়েছে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেছে।
এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ ও দরপত্র আহ্বান করা হয়েছে।