রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেন নাম্বার টেকার, টুল কিপার ও টিকিট ইস্যুয়ার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন মামলায় সাজা হয়েছে পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা এবং সাবেক সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়ার। মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালতে মামলা তিনটির রায় ঘোষণা করা হয়।
দুদকের পিপি রেজাউল করিম রনি জানান, তিনটি মামলাতেই রেলের সাবেক কর্মকর্তা গোলাম কিবরীয়াকে তিন বছর করে এবং সাবেক জিএম ইউসুফ আলী মৃধাকে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে গোলাম কিবরীয়া কারাগারে আছেন, তবে ইউসুফ আলী মৃধা পলাতক। এর আগে রোববার রেলে নিয়োগ দুর্নীতির একটি মামলায় এবং সোমবার আরও দুটি মামলায় রেলওয়ের সাবেক এই দুই কর্মকর্তার সাজা হয়েছিল।
মামলার নথিতে দেখা যায়, রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেন নাম্বার টেকারের ৩১টি শূন্য পদে সাড়ে ৬ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ৭৪ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬১ জন। তবে এদের মধ্যে ১০ জন প্রার্থীর লিখিত পরীক্ষার খাতা ঘষামাজা করে প্রাপ্ত নম্বরের চেয়ে বেশি নম্বর দিয়ে টেবুলেশন শিট তৈরি করে মৌখিক পরীক্ষার জন্য সরবরাহ করা হয়। তদন্ত শেষে দুদকের উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি মামলাটি করেন এবং ২০১৪ সালের ১০ জুন এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।





