স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের সব মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তদন্তাধীন মামলার অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ‘গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব।’ গুমের শিকার এই ভুক্তভোগীরা বেঁচে আছেন কি না, সেটিও নিশ্চিত নয় বলে জানান তিনি।
বিচার কার্যক্রমের বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে কিছু গুমের মামলার বিচার চলছে এবং বেশ কয়েকটি শুনানি পর্যায়ে রয়েছে। তিনি বলেন, গুমের ওপর আইন পাস হয়েছে। অর্থাৎ ব্যাপক ও পদ্ধতিগত যেসব গুমের অপরাধ রয়েছে, সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে।





