রাজধানীর গুলশান থানার একজন এসআই গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। সে সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন।
ওই এসআই জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় হাজির না হওয়ায় আদালত পরোয়ানা জারি করেছেন। সেই পরোয়ানা তামিল করতেই তিনি বাসায় এসেছেন।
তবে খোঁজ নিয়ে জানা যায়, মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ স্থগিত করেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে বিষয়টি উল্লেখও করেছে এবং মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আগামী বছরের ২৭ জানুয়ারি। অথচ ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি হওয়া সেই স্থগিত মামলার পরোয়ানা (ওয়ারেন্ট নম্বর আর-১৬/২৬) তামিল করতেই পুলিশ মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়।
জানা গেছে, পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। এর বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানির তিনটি ধারা ৫০০, ৫০১ ও ৫০৫ ছাড়াও ১২৩(ক)/১২৪(ক) উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আরও দুজন আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।
এ বিষয়ে গুলশান থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, মাহমুদুর রহমানের বাসায় কেন পুলিশ গিয়েছে, সে বিষয়ে খোঁজ নিয়ে জানতে হবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্যও সংসদকে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলমান রয়েছে এবং নির্ধারিত দিনে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হচ্ছে।