সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ কমেনি। সম্প্রতি নয়াদিল্লিতে সাংস্কৃতিক উদ্যোক্তা আবু সুফিয়ান খান পাকিস্তানি প্রেমের নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেন। সর্বোচ্চ ৪৫ জনের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে ৭০০ জনের বেশি মানুষ অনুরোধ জানান। জারিয়াব, জামিল ও আবু বকর চরিত্রকে ঘিরে নির্মিত এই নাটকটি নিয়ে ভারতে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বেঙ্গালুরুতে দুটি প্রদর্শনী কর্তৃপক্ষ বাতিল করলেও ভক্তদের উচ্ছ্বাস থামেনি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’।
২০২৫ সালের এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহতের পর ভারত-পাকিস্তান চার দিনের যুদ্ধে জড়ায়। এরপর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করে ভারত। এমনকি নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম অনুষ্ঠানটি ভারতে বন্ধের দাবিও জানিয়েছে দেশটি। তবে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় ভৌগোলিক অবস্থানভিত্তিক নিষেধাজ্ঞা দিলেও ভিপিএন ব্যবহার করে নাটক দেখছেন ভারতীয়রা। পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্যমতে, ২০২৫ সালের ৮ মে কনটেন্ট সরানোর নির্দেশের দিন ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়ে যায়।
এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজা জানান, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশই আসে ভারত থেকে। এর আগে ‘তেরে বিন’ ও ‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকও ভারতে জনপ্রিয় হয়েছিল। পাশাপাশি পাকিস্তানি শিল্পী হানিয়া আমেরের গানও ভারতে বেশ জনপ্রিয়। সাংস্কৃতিক মিল, বাস্তবসম্মত গল্প এবং মুসলিম চরিত্রগুলোকে বাঁধাধরা ছাঁচের বাইরে সতেজ ও ইতিবাচকভাবে তুলে ধরায় এসব নাটক ভারতীয়দের টানছে। পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া মনে করেন, প্রযুক্তির যুগে নিষেধাজ্ঞা খুব কমই কার্যকর হয়; বরং সংস্কৃতিই দুই দেশকে একসূত্রে বেঁধে রেখেছে।





