মূল লেখায় যান
এই সময়

দুপুর ১২:২৭

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব, অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব, অগ্নিসংযোগ

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে। এতে ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত এবং দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। একই সময়ে এক্সপ্রেসওয়ের ওপর তাঁবু টাঙিয়ে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘাত এড়াতে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এ সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাণ্ডব শুরু করেন। তারা বিএনপির সমাবেশস্থলে থাকা অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেন। এ ছাড়া একটি মার্কেট, পদ্মা ভ্যালি রেস্টুরেন্ট, ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং বাসস্ট্যান্ড এলাকার একটি টং ঘরে আগুন দেওয়া হয়। একই সময়ে অন্তত ৫ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সকাল সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। এর পরিপ্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম এবং আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি।’

খবরটি শেয়ার করুন