প্রশাসন ও গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিবাদী সরকারের দোসররা বর্তমান সরকারের জনমুখী কর্মকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও রক্তপাতের মতো পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার ধৈর্যের সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের নীতি অনুসরণ করে পরিস্থিতি মোকাবিলা করছে। কিন্তু সরকারের এসব জনকল্যাণমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। শুধু প্রশাসনেই নয়, গণমাধ্যমেও ঘাপটি মেরে থাকা একটি পক্ষ জনদৃষ্টি ভিন্ন খাতে নিতে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে বিগত সরকারের আমলে নির্যাতন-নিপীড়ন ও আত্মগোপনে থাকার সময় বিএনপির বক্তব্য তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করতে সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
পোশাক খাতের শ্রমিক আন্দোলন এবং দেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার আলোচনা প্রসঙ্গে রিজভী বলেন, শ্রমিক আন্দোলনের কারণে দেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তি কী? সরকার দ্রুততার সঙ্গে পরিস্থিতি সমাধান করেছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও দেশের ব্যবসা-বাণিজ্য উঠে যাচ্ছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পরাজিত শক্তি ও গণতন্ত্র হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং হত্যার রাজনীতি থেকে সরে আসেনি। রিজভী অভিযোগ করেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের কর্মী রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হত্যা করা হয়েছে। এসব অস্থিতিশীলতার পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো ইন্ধন জোগাচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তার অভিযোগ, প্রতিদিন হত্যা ও রক্তপাতের ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী। তিনি বলেন, ওই দিন বেলা ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশের নামকরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এটি হবে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ। ১৬ ডিসেম্বরের বিজয় জাতিকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করে।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।