কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. আলমগীর হোসাইন তালুকদার। আগের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১০ হাজার ৭৭৭ ভোট পেয়েছিলেন। তবে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় সেবার তার জামানত বাজেয়াপ্ত হয়।
শনিবার (২৮ নভেম্বর) দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত মাসিক বৈঠকে তাকে পুনরায় প্রার্থী করার সিদ্ধান্ত হয়। চরমোনাই মাহফিলে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।





