মূল লেখায় যান
এই সময়

বিকেল ৫:৪৭

দুই দ্বীপে নতুন স্থাপনা নিষিদ্ধ

কক্সবাজারের সৈকত এলাকায় স্থাপনা নির্মাণে বিধিনিষেধ শিথিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মিনিটে পড়ুন

শেয়ার
কক্সবাজারের সৈকত এলাকায় স্থাপনা নির্মাণে বিধিনিষেধ শিথিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় স্থাপনা নির্মাণে দীর্ঘদিনের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৈকত থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে জারি করা আগের প্রজ্ঞাপন বা গেজেট বাতিল করা হচ্ছে। একই সঙ্গে কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) নতুন করে পর্যালোচনা করে সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রতীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না মর্মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আগের প্রজ্ঞাপন বা গেজেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ট্যুরিজম মাস্টারপ্ল্যানে কক্সবাজারের পর্যটন ও অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মাস্টারপ্ল্যান অনুমোদিত হওয়ার পর সে অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

পরিবেশ সংরক্ষণ ও ইসিএ ঘোষণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন এবং হাইকোর্টের রায়ের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব এলাকা পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে।

এ লক্ষ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে একটি বিস্তারিত সারসংক্ষেপ জমা দেওয়া হবে। এর ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর সীমানা নতুন করে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

তবে সেন্টমার্টিন ও সোনাদিয়া দ্বীপের ক্ষেত্রে নতুন স্থাপনা নির্মাণে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে ইসিএ হিসেবে ট্যুরিজম মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে। সেখানে নতুন করে কোনো ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দ্বীপ দুটিতে পরিবেশের ক্ষতি না করে কেবল ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ইতিমধ্যে নির্মিত স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় কক্সবাজারের পর্যটন খাতের পাশাপাশি পুরো উপকূলীয় অঞ্চলের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধীনে প্রণীত ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে জমা দেওয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কউক এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় এ পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে চলছে।

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ সমগ্র উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই পর্যটনশিল্পের বিকাশ কীভাবে ঘটানো যায়, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

মহেশখালীতে চলমান বৃহৎ অর্থনৈতিক প্রকল্পগুলোর বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে সেখানে পাওয়ার হাব, টার্মিনালসহ বড় ধরনের অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠছে। এসব প্রকল্প দেশের অর্থনীতি ও বিনিয়োগের অন্যতম চালিকাশক্তি হবে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যেন কোনো ধরনের দ্বৈততা বা কাজের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য মিডার সঙ্গে নিবিড় সমন্বয় রেখে ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশি পর্যটক কক্সবাজারে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, কক্সবাজারের সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিব এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন