কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনব্যাপী লকডাউন কর্মসূচি ঠেকাতে ফরিদপুরের ভাঙ্গাসহ বিভিন্ন সড়ক-মহাসড়কে ঢাল-সড়কি হাতে পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় সাত প্লাটুন বিজিবি ও সাত প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে ভাঙ্গা হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ভাঙ্গা থেকে ফরিদপুর অংশে লোকাল বাস, অটোরিকশা ও মাহিন্দ্র চলাচল করছে।
জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, লকডাউনের প্রতিবাদে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকা, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার সামনে, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় প্রবেশমুখে, ভাঙ্গা বাসস্ট্যান্ড এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে ঢাল সাজিয়ে রেখে হাতে কাতরা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। মাঝে মাঝে ‘গাড়ির চাকা ঘুরবে, দোকানপাট খুলবে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দিয়ে মহড়া দিচ্ছেন তারা।





