এই হিসাবের মধ্যে শিক্ষাবর্ষজুড়ে অভিভাবকদের বহন করতে হওয়া আরও অনেক খরচ অন্তর্ভুক্ত নেই। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনুপস্থিতির জন্য জরিমানা, পরীক্ষার ফি, মূল্যায়ন ফি, শ্রেণি পরীক্ষার ফি, মাসিক পরীক্ষার ফি, ল্যাব ফি, ভাষা ক্লাব, ক্রীড়া ক্লাব ও সাংস্কৃতিক ক্লাবের ফিসহ নানা ধরনের অর্থ আদায় করে। প্রতিষ্ঠানভেদে ভর্তি ফি, পুনর্ভর্তি ফি, সেশন ফি, বার্ষিক উন্নয়ন ফি, নিবন্ধন ফি, ডায়েরি ফি, পরিচয়পত্র ফি, গ্রন্থাগার ফি, কম্পিউটার ফি, বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক ক্লাসের ফি, পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমের ফি, শিক্ষার্থী কল্যাণ ফি, প্রযুক্তি ফি, ফলাফলপত্র ফি এবং পরিবহন ফিও দিতে হয়।
কিছু স্কুল শিক্ষাসফর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞানমেলা, বিশেষ পরীক্ষা এবং অন্যান্য পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমের জন্যও আলাদা ফি আদায় করে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে ভূমিকা রাখতে পারে। কিন্তু অভিভাবকদের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে এগুলো বাধ্যতামূলক করা এবং অতিরিক্ত অর্থ আদায় করা পরিবারের বাজেটের ওপর আরও চাপ সৃষ্টি করে।
তবে সব বেসরকারি স্কুল যে এত বেশি অর্থ আদায় করে, তা নয়। বাংলা মাধ্যম, ইংরেজি সংস্করণ, ইংরেজি মাধ্যম এবং আন্তর্জাতিক স্কুলগুলোর মধ্যে ব্যয়ের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তা সত্ত্বেও ফি নির্ধারণে স্বচ্ছতা ও ব্যয় বহনের সামর্থ্য নিশ্চিত করার কার্যকর এবং নিয়মিতভাবে প্রয়োগযোগ্য ব্যবস্থা না থাকায় অযৌক্তিক অর্থ দাবি করার সুযোগ তৈরি হয়। এতে অভিভাবকেরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। অনেক সময় তাদের সামনে স্কুলের নির্ধারিত ফি মেনে নেওয়া ছাড়া বিকল্প থাকে না। কারণ, তারা চান না তাদের সন্তানদের পড়াশোনার ক্ষতি হোক কিংবা প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের আসন হারাতে হোক।
আরেকটি উদ্বেগজনক বিষয় হলো, স্কুলগুলোর নিজেদের উদ্যোগে কোচিং বা অতিরিক্ত ক্লাস পরিচালনা করা। নীতিগতভাবে নিয়মিত শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের পর্যাপ্ত শিক্ষাসহায়তা দেওয়ার কথা। এতে ব্যয়বহুল প্রাইভেট টিউশনের ওপর নির্ভর না করেই তারা পাঠ বুঝতে পারবে। কিন্তু একই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালিত কোচিংয়ের জন্য অভিভাবকদের অতিরিক্ত অর্থ দিতে হলে নিয়মিত স্কুলশিক্ষার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে। কোনো স্কুল যদি নিয়মিত পাঠদান কার্যক্রমের মধ্যে নির্ধারিত পাঠ্যসূচি শেষ করতে এবং পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে না পারে, তাহলে অভিভাবকদের ওপর নতুন আর্থিক দায়িত্ব চাপানোর পরিবর্তে কর্তৃপক্ষের উচিত শিক্ষার মান পর্যালোচনা করা।
এই পরিস্থিতির আরেকটি ফল হলো গৃহশিক্ষকের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা। সন্তান পড়াশোনায় পিছিয়ে পড়তে পারে, এমন আশঙ্কা থেকে অনেক অভিভাবক গৃহশিক্ষক রাখতে বাধ্য হন। কিছু শিক্ষার্থী একাধিক বিষয়ে আলাদাভাবে পড়াশোনা করে। এতে মোট ব্যয় আরও বেড়ে যায়। একটি পরিবার স্কুলে যথেষ্ট পরিমাণ টিউশন ফি দেওয়ার পরও শুধু সন্তানকে পাঠ্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করার জন্য আবার বিপুল অর্থ ব্যয় করতে বাধ্য হওয়ার কথা নয়। শিক্ষার্থীদের দুর্বলতা কাটাতে বিশেষ ক্লাস, ব্যক্তিগত শিক্ষাসংক্রান্ত দিকনির্দেশনা এবং অতিরিক্ত শিক্ষাসহায়তা দেওয়ার ক্ষেত্রে স্কুলগুলোর আরও দায়িত্ব নেওয়া উচিত। এসব সুবিধা প্রতিষ্ঠানের যৌক্তিক ফি কাঠামোর মধ্যেই নিশ্চিত করা প্রয়োজন।
এ ছাড়া প্রতিবছর শিক্ষাবর্ষের শুরুতে অভিভাবকদের পাঠ্যবই, খাতা, স্কুলের পোশাক, জুতা, ব্যাগসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী কিনতে হয়। কিছু ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্র্যান্ড বা দোকান থেকে এসব সামগ্রী কেনার নির্দেশ দেয়। এতে অভিভাবকদের বিভিন্ন দোকানের দাম তুলনা করে সাশ্রয়ী বিকল্প বেছে নেওয়ার সুযোগ সীমিত হয়ে যায়। বিশেষ করে একাধিক সন্তান রয়েছে, এমন পরিবারের জন্য এসব সামগ্রীর খরচ উল্লেখযোগ্য হতে পারে। এর সঙ্গে বার্ষিক ভর্তি বা পুনর্ভর্তি ফি, সেশন ফি ও উন্নয়ন ফি যুক্ত হয়ে আর্থিক চাপ আরও বাড়ায়। এসব খরচের সঙ্গে মাসিক টিউশন ফির সামান্য বৃদ্ধিও পরিবারের জন্য বড় আর্থিক বোঝা হয়ে উঠতে পারে।
সাধারণ পরিবারের আয় বিবেচনা করলে শিক্ষার ব্যয় বহনের সমস্যাটি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। ধরা যাক, একটি পরিবারের মাসিক আয় ৫০ হাজার টাকা। এর মধ্যে বাসাভাড়ায় ২২ হাজার, খাবারে ১২ হাজার, যাতায়াতে ৩ হাজার, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য পরিষেবা বিল বাবদ ৩ হাজার এবং চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় খরচে ৪ হাজার টাকা ব্যয় হয়। সব মিলিয়ে পরিবারের হাতে অবশিষ্ট থাকে মাত্র ৬ হাজার টাকা। এমন একটি পরিবার কীভাবে স্কুলের টিউশন ফি বাবদ ৫ হাজার, কোচিংয়ের জন্য ৪ হাজার এবং গৃহশিক্ষকের জন্য ৮ হাজার টাকা খরচ করবে? এই হিসাব থেকেই স্পষ্ট, শিক্ষার অন্যান্য খরচ বাদ দিলেও শুধু এসব ব্যয় পরিবারের অবশিষ্ট আয়ের চেয়ে অনেক বেশি।
দুই বা তিনজন স্কুলপড়ুয়া সন্তান রয়েছে, এমন পরিবারের জন্য পরিস্থিতি প্রায় অসহনীয় হয়ে ওঠে। সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে অভিভাবকেরা নিজেদের খাবারের খরচ কমাতে, চিকিৎসা পিছিয়ে দিতে, আত্মীয়স্বজন বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে কিংবা সঞ্চয় ভাঙতে বাধ্য হতে পারেন। কোনো কোনো পরিবারকে কম ভাড়ার বাসায় উঠতে হতে পারে। আবার সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে অতিরিক্ত কাজও করতে হতে পারে। এসব পরিস্থিতি পরিবারে উদ্বেগ, হতাশা ও অনিশ্চয়তা সৃষ্টি করে। যে অভিভাবকদের সন্তানদের শেখা ও প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়ার কথা, তাদেরই পরবর্তী মাসের স্কুলের ফি জোগাড়ের দুশ্চিন্তায় থাকতে হয়।
এর একটি গুরুতর সামাজিক পরিণতিও রয়েছে। শিক্ষা ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠলে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুরা ধীরে ধীরে মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। মেধাবী শিক্ষার্থীরাও শুধু অভিভাবকদের সামর্থ্যের অভাবে উন্নত শিক্ষাসুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হারাতে পারে। এতে সমাজের ধনী ও অপেক্ষাকৃত কম সচ্ছল জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান বৈষম্য আরও গভীর হতে পারে। দীর্ঘ মেয়াদে অনেক সম্ভাবনাময় তরুণের প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে জাতীয় উন্নয়নে তাদের পূর্ণ অবদান রাখার সুযোগও সীমিত হয়ে যেতে পারে।
তাই সরকারকে স্বীকার করতে হবে, স্কুলশিক্ষার ব্যয় বহনের সামর্থ্য কেবল একটি পরিবারের ব্যক্তিগত উদ্বেগের বিষয় নয়। এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সমস্যা। দেশের জনগোষ্ঠীর বড় একটি অংশ যদি সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে সংগ্রাম করে, তাহলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। অভিভাবকদের আর্থিক অবস্থা যা-ই হোক, সব শিশুর জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
আর্থিক চাপ কমাতে সরকার কী কী পদক্ষেপ নিতে পারে?
প্রথমত, ঢাকা শহর এবং অন্যান্য বড় শহরের বেসরকারি স্কুলগুলোর জন্য একটি সমন্বিত ও কার্যকর ফি নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের প্রস্তাবিত ফি কাঠামো অনুমোদনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। টিউশন ফি ও অন্যান্য চার্জ অনুমোদনের আগে কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট স্কুলের পরিচালন ব্যয়, শিক্ষকদের বেতন, অবকাঠামো, শিক্ষাসুবিধা এবং অন্যান্য যৌক্তিক খরচ পর্যালোচনা করতে হবে। পূর্বানুমোদন ছাড়া স্কুলগুলোকে ইচ্ছামতো ফি বাড়ানো কিংবা নতুন কোনো চার্জ আরোপের সুযোগ দেওয়া উচিত নয়।
দ্বিতীয়ত, প্রতিটি নিবন্ধিত বেসরকারি স্কুলের জন্য একটি স্বচ্ছ এবং সবার জন্য উন্মুক্ত ফি কাঠামো চালু করতে হবে। শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের পূর্ণাঙ্গ বার্ষিক ফি তালিকা নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। এই তালিকায় ভর্তি ফি, টিউশন ফি, সেশন ফি, পরীক্ষার ফি, মূল্যায়ন ফি, শ্রেণি পরীক্ষার ফি, মাসিক পরীক্ষার ফি, ল্যাব ফি, ভাষা ক্লাব, ক্রীড়া ক্লাব ও সাংস্কৃতিক ক্লাবের ফিসহ সব বাধ্যতামূলক খরচ উল্লেখ থাকতে হবে। একটি পূর্ণ শিক্ষাবর্ষে সন্তানদের পড়াশোনার জন্য আনুমানিক মোট কত টাকা লাগবে, তা জানার অধিকার অভিভাবকদের থাকতে হবে। কোনো স্কুলকে অঘোষিত বা অনুমোদনহীন ফি আদায়ের সুযোগ দেওয়া যাবে না।
তৃতীয়ত, প্রতিবছর টিউশন ফি বৃদ্ধির ক্ষেত্রে যৌক্তিক সীমা নির্ধারণ করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন ছাড়া একটি শিক্ষাবর্ষে পূর্বনির্ধারিত শতাংশের বেশি টিউশন ফি বাড়ানোর সুযোগ কোনো স্কুলকে দেওয়া উচিত নয়। ফি বাড়ানোর যেকোনো প্রস্তাবের পক্ষে পরিচালন ব্যয় বৃদ্ধির যথাযথ ব্যাখ্যা থাকতে হবে। এতে হঠাৎ অযৌক্তিকভাবে ফি বাড়ানো রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে অভিভাবকেরাও বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবেন।
চতুর্থত, একই স্কুলে আলাদা কোচিং ফি আদায়ের বিষয়টি সরকারের তদন্ত করে দেখা উচিত। নিয়মিত পাঠদানই নির্ধারিত পাঠ্যসূচি শেষ করা এবং পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার ক্ষেত্রে যথেষ্ট হওয়ার কথা। পড়াশোনায় ভালো ফলের জন্য অতিরিক্ত কোচিং অপরিহার্য—এমন ধারণা তৈরি করে স্কুলগুলোকে কোচিং বাধ্যতামূলক করার সুযোগ দেওয়া উচিত নয়। শিক্ষার্থীদের দুর্বলতা কাটাতে বিশেষ ক্লাস বা অতিরিক্ত পাঠদান প্রয়োজন হলে প্রতিষ্ঠানগুলোকে যৌক্তিক ফিতে সেই সুবিধা দিতে হবে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে এ সুবিধা নিশ্চিত করা উচিত। নিয়মিত ক্লাসে পড়ানোর কথা, এমন বিষয় শেখার জন্য শিক্ষার্থীদের যেন অর্থের বিনিময়ে কোচিংয়ের ওপর নির্ভরশীল হতে না হয়, সে জন্য সরকারকে সুস্পষ্ট নির্দেশনাও প্রণয়ন করতে হবে।
পঞ্চমত, মধ্যম ও নিম্নআয়ের পরিবারের সন্তানদের জন্য আয় যাচাইয়ের ভিত্তিতে শিক্ষা ভর্তুকি কর্মসূচি চালু করা উচিত। এই কর্মসূচির আওতায় যেসব পরিবারের মাসিক আয় নির্ধারিত সীমার নিচে, তাদের সন্তানের টিউশন ফি বাবদ আংশিক বা সম্পূর্ণ আর্থিক সহায়তা দেওয়া যেতে পারে। পরিবারের আয় এবং স্কুলপড়ুয়া সন্তানের সংখ্যা অনুযায়ী ভর্তুকির পরিমাণ নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা আয় করা পরিবার টিউশন ফির একটি নির্দিষ্ট অংশের জন্য সহায়তা পেতে পারে। আর যেসব পরিবারের আয় আরও কম, তাদের বেশি সহায়তা দেওয়া যেতে পারে। এমন কর্মসূচি অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করবে।
ষষ্ঠত, উপযুক্ত শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও উপবৃত্তির সুযোগ বাড়াতে হবে। আর্থিক সহায়তা কেবল পরীক্ষায় অসাধারণ ফল করা শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। অনেক শিক্ষার্থী পড়াশোনায় যথেষ্ট সক্ষম হলেও অভিভাবকদের স্বল্প আয়ের কারণে আর্থিক সংকটে পড়ে। তাই বৃত্তি দেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত ফলাফলের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক অবস্থাও বিবেচনা করতে হবে। একাধিক স্কুলপড়ুয়া সন্তান রয়েছে, এমন পরিবার, একক অভিভাবকের পরিবার এবং আকস্মিক আর্থিক সংকটে পড়া পরিবারের শিশুদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা থাকতে হবে।
সপ্তমত, স্কুলগুলোর আরোপ করা অতিরিক্ত ফি তদারকি আরও জোরদার করতে হবে। অভিযোগ তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের প্রতিনিধিদের নিয়ে একটি স্বাধীন তদারকি কমিটি গঠন করা যেতে পারে। অনলাইন ব্যবস্থা কিংবা নির্দিষ্ট হটলাইনের মাধ্যমে অভিভাবকদের অভিযোগ জানানোর সুযোগ থাকতে হবে। অনুমোদনহীন ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট স্কুলকে আর্থিক জরিমানাসহ যথাযথ প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি করতে হবে। নিয়মিত পরিদর্শন ও বার্ষিক আর্থিক নিরীক্ষাও জবাবদিহি নিশ্চিত করতে সহায়তা করবে।
অষ্টমত, ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে সরকারি স্কুলের সংখ্যা ও মান বাড়াতে হবে। অনেক অভিভাবক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেন। কারণ, তাদের ধারণা, সরকারি স্কুলগুলো সব সময় কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ, সুযোগ-সুবিধা কিংবা পাঠদানের মান নিশ্চিত করতে পারে না। যোগ্য শিক্ষক নিয়োগ, অতিরিক্ত শিক্ষার্থীতে ভরা শ্রেণিকক্ষের চাপ কমানো, গবেষণাগার আধুনিকায়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনব্যবস্থা উন্নত করা এবং কার্যকর পাঠদানপদ্ধতি চালুর মাধ্যমে সরকার সরকারি স্কুলগুলোর মান বাড়াতে পারে। এতে আরও বেশি অভিভাবক সাশ্রয়ী খরচে সন্তানদের পড়াশোনার সুযোগ পাবেন। মানসম্মত সরকারি স্কুলের সংখ্যা বাড়লে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে।
নবমত, পাঠ্যবই, স্কুলের পোশাক এবং অন্যান্য শিক্ষাসামগ্রী বাধ্যতামূলকভাবে কেনার বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে। সত্যিকারের প্রয়োজনীয় কোনো কারণ না থাকলে নির্দিষ্ট দোকান থেকে বই, খাতা-কলম, স্কুলের পোশাক কিংবা খেলাধুলার পোশাক কিনতে অভিভাবকদের বাধ্য করা উচিত নয়। সমমানের শিক্ষাসামগ্রী সাশ্রয়ী উৎস থেকে কেনার স্বাধীনতা তাদের থাকতে হবে। এ ছাড়া সরকার ভর্তুকি মূল্যে পাঠ্যবই সরবরাহ, পুরোনো বই বিনিময়ের কর্মসূচি এবং অসচ্ছল শিক্ষার্থীদের স্কুলের পোশাক কেনায় সহায়তার উদ্যোগ নিতে পারে। এসব ব্যবস্থা প্রতিবছর শিক্ষাবর্ষের শুরুতে অভিভাবকদের আর্থিক চাপ কমাবে।
দশমত, ভর্তি ফি, পুনর্ভর্তি ফি, সেশন ফি এবং উন্নয়ন ফি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রণয়ন করতে হবে। মূলত একই উদ্দেশ্যে একাধিক নামে অর্থ আদায়ের সুযোগ স্কুলগুলোকে দেওয়া উচিত নয়। বিশেষ করে সন্তানদের বিদ্যমান আসন ধরে রাখার জন্য অভিভাবকদের প্রতিবছর অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা যাবে না। উন্নয়ন ফি আদায় করা হলে কী উন্নয়নকাজ করা হবে, কত টাকা খরচ হবে এবং আদায় করা অর্থ কীভাবে ব্যয় করা হবে, তার স্বচ্ছ ব্যাখ্যা থাকতে হবে।
একাদশত, একই শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক সন্তান পড়ছে, এমন পরিবারের জন্য টিউশন ফিতে ছাড় দেওয়ার ব্যবস্থা চালু করতে স্কুলগুলোকে উৎসাহিত করতে হবে। তুলনামূলক বেশি টিউশন ফি আদায়কারী প্রতিষ্ঠানের জন্য এই ছাড় বাধ্যতামূলক করা যেতে পারে। অথবা কর-সুবিধার মাধ্যমে এমন উদ্যোগকে উৎসাহ দেওয়া যেতে পারে। অভিভাবকেরা সাময়িকভাবে চাকরি হারালে বা গুরুতর আর্থিক সংকটে পড়লে সন্তানদের সহায়তার জন্য স্কুলগুলো বিশেষ তহবিলও গঠন করতে পারে। অভিভাবকের আকস্মিক অর্থনৈতিক সংকটের কারণে কোনো শিশুর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া উচিত নয়।
দ্বাদশত, যেসব বেসরকারি স্কুল সাশ্রয়ী ফি কাঠামো বজায় রাখে এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানদের বৃত্তি দেয়, তাদের জন্য কর-সুবিধা বা অন্যান্য প্রণোদনা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। এতে শিক্ষার মান বজায় রেখেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করা সম্ভব হবে। তবে এসব সুবিধা দেওয়ার শর্ত হিসেবে স্বচ্ছ আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং নিয়মিত তদারকির ব্যবস্থা থাকতে হবে।
সবশেষে, বেসরকারি স্কুলগুলোর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অভিভাবকদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিটি স্কুলে কার্যকর অভিভাবক-শিক্ষক সমিতি অথবা নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের নিয়ে কমিটি থাকা উচিত। নতুন ফি চালু কিংবা বিদ্যমান ফি কাঠামোয় বড় পরিবর্তন আনার আগে স্কুল কর্তৃপক্ষকে অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে হবে। এতে স্কুল ও অভিভাবকদের মধ্যে আরও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এবং ইচ্ছামতো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা কমবে।
সরকার ইতিমধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ চালু করেছে। পাশাপাশি ২০২৬ সালে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা’ জারি করেছে। এসব উদ্যোগ অধিকতর জবাবদিহি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। তবে শুধু নীতিমালা প্রণয়ন করে সমস্যার সমাধান সম্ভব নয়। এগুলোর কার্যকর বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং সহজে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকতে হবে। প্রচলিত নিয়মগুলো যেন সাধারণ অভিভাবকদের আর্থিক চাপ সত্যিকার অর্থে কমায়, তা কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে সব বেসরকারি স্কুল অতিরিক্ত মুনাফা করছে—এমন ধারণা করাও অন্যায় হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বৈধ খরচ রয়েছে। এর মধ্যে শিক্ষকদের বেতন, কর্মচারীদের পারিশ্রমিক, বাড়িভাড়া, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ, শিক্ষাসরঞ্জাম এবং অবকাঠামো উন্নয়নের ব্যয় অন্তর্ভুক্ত। শিক্ষকদেরও ন্যায্য পারিশ্রমিক পাওয়ার অধিকার রয়েছে। পাশাপাশি শিক্ষার মান বজায় রাখতে স্কুলগুলোর পর্যাপ্ত সম্পদ প্রয়োজন। তাই স্কুলগুলোকে যৌক্তিক ফি আদায় থেকে বিরত রাখাই উদ্দেশ্য হওয়া উচিত নয়। বরং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বৈধ আর্থিক চাহিদা এবং অভিভাবকদের অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে ন্যায্য ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।
চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত, আর্থিক সংকটের কারণে কোনো শিশু যেন মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত না হয়। স্কুলগুলোকে শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিবেদিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে হবে। এগুলো যেন পরিবারের ওপর অযৌক্তিক আর্থিক দাবি চাপিয়ে দেওয়া প্রতিষ্ঠানে পরিণত না হয়। যৌক্তিক ফি, স্বচ্ছতা, জবাবদিহি এবং আর্থিক সহায়তার ব্যবস্থা বজায় রেখেও উচ্চমানের শিক্ষা নিশ্চিত করা সম্ভব।
ঢাকা বাংলাদেশের রাজধানী। সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এই শহরের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। হাজার হাজার মধ্যম ও নিম্নআয়ের পরিবার সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে দিতে কঠোর পরিশ্রম করছে। তারা প্রতিটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিনা মূল্যে শিক্ষা চাইছে না। তাদের চাওয়া শুধু একটি ন্যায্য ও যৌক্তিক ফি কাঠামো, যেখানে শিক্ষাদানের প্রকৃত ব্যয় প্রতিফলিত হবে এবং অভিভাবকদের আর্থিক অবস্থাও বিবেচনায় নেওয়া হবে।
সরকার অযৌক্তিক ফি নিয়ন্ত্রণ, অতিরিক্ত চার্জের ওপর নজরদারি, সরকারি স্কুলের মানোন্নয়ন এবং উপযুক্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যকর ব্যবস্থা নিলে হাজার হাজার পরিবার প্রয়োজনীয় স্বস্তি পাবে। শিক্ষার খরচে আয়ের প্রায় পুরোটা ব্যয় করার পরিবর্তে অভিভাবকেরা সন্তানদের পুষ্টি, স্বাস্থ্যসেবা ও সার্বিক বিকাশের জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে পারবেন।
শিক্ষার কাজ হলো সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া, অভিভাবকদের আজীবন আর্থিক সংকটে ফেলে দেওয়া নয়। একটি শিশুর ভবিষ্যৎ তার পরিবারের আর্থিক সামর্থ্যের পরিবর্তে মেধা, নিষ্ঠা ও পরিশ্রমের ওপর নির্ভর করা উচিত। সবার জন্য মানসম্মত শিক্ষাকে সাশ্রয়ী ও সহজলভ্য করতে সরকারের কার্যকর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময় অনেক আগেই এসেছে। এমন উদ্যোগ শুধু হাজার হাজার অভিভাবককে স্বস্তি দেবে না, বরং আরও শিক্ষিত, ন্যায়সংগত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তেও সহায়তা করবে।
লেখক : ভারপ্রাপ্ত ডিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।
ইমেইল: mozambiu@yahoo.com
মতামত লেখকের নিজস্ব। এই সময়-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এর মিল না-ও থাকতে পারে।