দেশে গত নয় বছরে দুই লাখের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৬১ জন, আহত হয়েছেন ৩ হাজার ৭৯২ জন। অনুমোদনহীন ভবন নির্মাণ, নকশাগত ত্রুটি, অপর্যাপ্ত নির্গমন পথ এবং অগ্নিনিরাপত্তার দুর্বলতাকে এসব বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, অবকাঠামো ও আনুষঙ্গিক ত্রুটির কারণে সৃষ্ট অগ্নিদুর্ঘটনাকে হত্যাকাণ্ডও বলা যায়। এ ধরনের প্রাণহানি ঠেকাতে দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত এ প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এ আয়োজনে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি, সাইবার নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং শিল্প নিরাপত্তাসংক্রান্ত আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। অগ্নিদুর্ঘটনা মূলত অবকাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক ত্রুটির কারণে সৃষ্টি হয়। এসব ঘটনাকে হত্যাকাণ্ডও বলা যায়। তাই শুধু দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নিলেই হবে না, আগে থেকেই কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সরকার দেশীয় উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে। আগামী দিনে এসব সুবিধা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
এর আগে শনিবার বিকেলে এক্সপোর অংশ হিসেবে ‘ঢাকার ক্রমবর্ধমান আকাশচুম্বী ভবন: বহুতল ভবনে অগ্নি ও জীবন নিরাপত্তার চ্যালেঞ্জ এবং আধুনিক স্মার্ট ভবন প্রযুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিব।
মূল প্রবন্ধে তিনি জানান, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত নয় বছরে দেশে ২ লাখ ৯ হাজার ৯৩৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১ হাজার ১৬১ জন নিহত এবং ৩ হাজার ৭৯২ জন আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের ভয়াবহতা তুলে ধরে ইকবাল হাবিব বলেন, বেইলি রোড ও এফআর টাওয়ারের মতো ঘটনা থেকে স্পষ্ট হয়েছে, অনুমোদনহীন নির্মাণ, বেআইনিভাবে ভবনের ব্যবহার পরিবর্তন, নকশা ও প্রকৌশলগত ত্রুটি, ভবনের উল্লম্ব শ্যাফট দিয়ে ধোঁয়া ছড়িয়ে পড়া বা স্ট্যাক ইফেক্ট, অপর্যাপ্ত নির্গমন পথ এবং অগ্নিনির্বাপণ সক্ষমতার সীমাবদ্ধতা কীভাবে একটি স্থানীয় আগুনকে ভয়াবহ বিপর্যয়ে পরিণত করতে পারে।
তিনি বলেন, অগ্নিকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো পরিকল্পনা, নকশা, অবকাঠামো ও শাসনব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতার প্রকাশ। এ কারণে ভবনের নকশা প্রণয়নের প্রথম ধাপ থেকে শুরু করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত পুরো জীবনচক্রে অগ্নিনিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে।
শনিবার সকালে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিন।
ইসাবের সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা গেলে শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান এবং বিনিয়োগের নিরাপত্তা বাড়বে।
ইসাবের নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান হেলাল বলেন, তিন দিনের প্রদর্শনীতে অংশীজন ও ক্রেতা-দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অগ্নি ও নিরাপত্তা খাতে সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই, বিষয়টি সংশ্লিষ্টরা নতুন করে উপলব্ধি করেছেন।
ইসাবের সদ্য সাবেক মহাসচিব ও বর্তমান সদস্য জাকির উদ্দিন আহমেদ বলেন, বর্তমান কমিটির পাশাপাশি সংগঠনের সাবেক ও অভিজ্ঞ সদস্যদের সমন্বিত উদ্যোগে এবারের প্রদর্শনী ভিন্ন মাত্রা পেয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন অংশীজনের অংশগ্রহণ এবং প্রতিদিনের সেমিনারে অগ্নিনিরাপত্তার নানা দিক উঠে এসেছে। এ খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সরকারের কাছে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দেওয়া বিভিন্ন আশ্বাসে তাঁরা আশাবাদী বলেও জানান।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ (এসইউপি)।
প্রদর্শনীতে অগ্নিনিরাপত্তা খাতে অবদান ও স্বীকৃতির অংশ হিসেবে ১৭টি শহীদ পরিবারের হাতে ‘ইসাব অগ্নিবীর অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় ‘ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। তিন দিনের এ প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, এনএফপিএসহ বিভিন্ন সংস্থা।