মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে ভূরাজনৈতিক সংকটের একের পর এক বাধা দীর্ঘদিন ধরে রাজনীতির শ্বাসরোধ করে চলেছে। সমুদ্রপথে অবরোধ, অবরুদ্ধ নগরী ও পুড়ে যাওয়া কৃষিজমি—সব মিলিয়ে এই অঞ্চলের বড় একটি অংশ শুধু রাজনৈতিক অগ্রগতির স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে না। বরং এমন এক কাঠামোগত সংকটে আটকে পড়েছে, যা থেকে বেরিয়ে আসার পথও সংকুচিত হয়ে যাচ্ছে।
হরমুজ প্রণালির সংকীর্ণ নৌপথের কথাই ধরা যাক। সেখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে স্থানীয় সংঘাতও বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। একইভাবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় একসঙ্গে চলতে থাকা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেশগুলোকে শাসনব্যবস্থার অচলাবস্থায় আটকে রেখেছে। এতে গণতন্ত্র পুনরুদ্ধারের পথও বন্ধ হয়ে যাচ্ছে।
অবিরাম রক্তপাতের ক্ষত বহন করা এই অঞ্চলে ইউরোপ-আমেরিকার গতানুগতিক ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ধারণা অনুসরণ করে ‘গণতন্ত্রায়ণ’-এর কথা বলা রাজনৈতিক বিশ্লেষণের চেয়ে লোকদেখানো আলোচনার মাধ্যমে মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর প্রচেষ্টা বলেই বেশি মনে হয়। অথচ নির্মম সহিংসতা ও পরিকল্পিতভাবে মানুষের কণ্ঠরোধের এই ভয়াবহ পরিস্থিতিতেই গণতন্ত্রায়ণের ধারণাকে নতুন বাস্তবতায় নতুনভাবে কাজে লাগানো সবচেয়ে জরুরি।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রকৃত গণতান্ত্রিক পুনর্জাগরণ ঘটাতে হলে বাইরে থেকে চাপিয়ে দেওয়া ছক থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে এই অঞ্চলের নিজস্ব বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য এবং বিরোধ মীমাংসার স্থানীয় পদ্ধতিগুলো পুনরুদ্ধার করতে হবে।
দ্বিচারিতা ও ঔপনিবেশিকতার ভূত
এই অঞ্চলে গণতন্ত্রের পুনর্জাগরণের জন্য প্রথমেই বুঝতে হবে, গণতন্ত্রে উত্তরণের প্রচলিত মডেলগুলো কেন ব্যর্থ হয়েছে। পাশাপাশি ঔপনিবেশিক শাসনের দীর্ঘস্থায়ী প্রভাবেরও মোকাবিলা করতে হবে।
নতুন সহস্রাব্দের সূচনালগ্নে পশ্চিমা বিশ্বের প্রভাবশালী শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা বিজয়ীর ভঙ্গিতে ‘ইতিহাসের সমাপ্তি’ ঘোষণা করেছিলেন। তারা উদারনৈতিক পুঁজিবাদকেই মানবজাতির অনিবার্য ভবিষ্যৎ হিসেবে তুলে ধরেছিলেন।
কিন্তু বাইরের শক্তির ওপর দীর্ঘস্থায়ী নির্ভরশীলতা এবং গণতন্ত্রের ব্যাপক ঘাটতিতে থাকা এই অঞ্চলে নব্য উদারনৈতিক অর্থনৈতিক নীতি প্রয়োগ করে স্বাভাবিক গণতান্ত্রিক সংস্কার আনা যায়নি। বরং এতে ক্ষমতার অসম সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে পশ্চিমা আর্থিক, রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যবস্থার প্রান্তিক দেশগুলোর ওপর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা আরোপ করে চলেছে।
নিজেদের সর্বজ্ঞ মনে করা প্রভাবশালী তাত্ত্বিকেরা দূর থেকে এই অঞ্চলকে এমনভাবে দেখেছেন, যেন এর নিজস্ব কোনো ইতিহাস বা ঐতিহ্য নেই। তারা এখানকার সমৃদ্ধ ইতিহাস ও আইনগত ঐতিহ্যকে নিছক ‘স্থানীয় সংস্কৃতি’ হিসেবে বিবেচনা করেছেন, যার অর্থ কেবল পশ্চিমা বিশেষজ্ঞরাই উদ্ধার করতে পারবেন। আন্তর্জাতিক অঙ্গনের প্রচলিত ধারণাগুলোতে আরব সমাজকে স্বভাবগতভাবেই সমস্যাগ্রস্ত হিসেবে তুলে ধরা হয়েছে। আর এসব সমাজকে ‘সভ্য’ করে তোলার প্রচ্ছন্ন প্রচেষ্টাকে নতুন নাম দেওয়া হয়েছে ‘গণতন্ত্রের প্রসার’।
কেনিয়ার লেখক ঙ্গুগি ওয়া থিয়োঙ্গো যে ঔপনিবেশিক শাসকের চিন্তা ও ভাষ্যের বন্দিত্ব সম্পর্কে সতর্ক করেছিলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমাজগুলোকে সেই কাঠামোর মধ্যেই স্বাধীনতার সংজ্ঞা নির্ধারণ করতে বাধ্য করা হয়েছে। ফলে নিজেদের ঐতিহাসিক সামষ্টিক জবাবদিহি ও সার্বভৌমত্বের চর্চা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ পশ্চিমাদের স্পষ্ট দ্বিচারিতার মুখে সবার জন্য একই মডেল প্রয়োগের সেই ধারণাগুলো ভেঙে পড়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ পশ্চিমা শক্তিগুলোর অভিবাসন নিয়ন্ত্রণনীতি। গণতন্ত্রের প্রসারের ভানটুকুও ধরে রাখার বদলে তারা এখন অভিবাসন ঠেকানোর নিরাপত্তাগত লক্ষ্যকে অগ্রাধিকার দিচ্ছে। এ জন্য অনুগত শাসকদের অর্থায়ন করছে, যাতে তারা কার্যত পশ্চিমাদের হয়ে সীমান্ত পাহারার দায়িত্ব পালন করেন।
পশ্চিমা বিশ্ব শুধু বিদেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রচারের নিজেদের ঘোষিত অবস্থান থেকে ক্রমেই সরে আসছে না, নিজ দেশেও গণতন্ত্রের সংকটে পড়েছে। সুইডেনের গোথেনবার্গভিত্তিক ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি (ভি-ডেম) ইনস্টিটিউটের ধারাবাহিক প্রতিবেদনগুলোতে গণতন্ত্রের ক্রমাগত অবক্ষয়ের চিত্র উঠে এসেছে। বর্তমানে বিশ্বের ৭৪ শতাংশ মানুষ স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার অধীনে বসবাস করছেন। এর ফলে বিশ্বে গণতন্ত্রের গড় অবস্থান ১৯৭৮ সালের পর্যায়ে নেমে গেছে।
এই প্রক্রিয়া বড় গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকেও ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। ভি-ডেমের ২০২৬ সালের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ২০তম থেকে নেমে ৫৪তম হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য ও ইতালির মতো দেশগুলোতেও গণতন্ত্রের গুরুতর অবনতি ঘটেছে।
আঞ্চলিক সংকটের বেড়াজাল
বিশ্বজুড়ে গণতন্ত্রের এই পশ্চাদপসরণের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সামরিক, অর্থনৈতিক ও পরিবেশগত নানা সংকটে আটকে পড়েছে। এসব সংকট এই অঞ্চলে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর পাশাপাশি দক্ষিণ সিরিয়া ও লেবাননে ইসরায়েলি স্থল হামলা, ইয়েমেনের তায়েজ শহরের শ্বাসরুদ্ধকর অবরোধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। একের পর এক এসব সংঘাত গোটা অঞ্চলের আগে থেকেই ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।
অন্যদিকে নব্য উদারনৈতিক ব্যয় সংকোচনের নীতি এবং দীর্ঘস্থায়ী সংঘাত সাধারণ মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে ক্রমেই ছিটকে দিচ্ছে। আরব তরুণদের মধ্যে বেকারত্বের হার গড়ে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশে আটকে আছে। এটি বিশ্বের সর্বোচ্চ বেকারত্বের হারগুলোর একটি। পশ্চিমে লিবিয়া থেকে শুরু করে পূর্বে ইরাক ও উপসাগরীয় দেশগুলো পর্যন্ত মানুষের জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
একই সময়ে তীব্র পরিবেশগত সংকটও জরুরি রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে। দীর্ঘস্থায়ী পানির সংকট, মরুকরণ ও বিষাক্ত দূষণ নতুন করে উত্তেজনা তৈরি করছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এমনিতেই বিশ্বের সবচেয়ে পানিসংকটপ্রবণ অঞ্চল। এখানকার ৮০ শতাংশের বেশি মানুষ চরম পানিসংকটের ঝুঁকিতে রয়েছেন।
অসহনীয় অর্থনৈতিক চাপ, সরকারের প্রতি জনগণের গভীর আস্থাহীনতা এবং স্বার্থান্বেষী আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা এসব সংকটকে আরও বিপজ্জনক করে তুলছে। সংকটগুলোকে নিজেদের স্বার্থে অস্ত্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে। যখন বাইরের প্রভাবশালী শক্তি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী এবং পরিবেশগত বিপর্যয় পানি, খাদ্য, সীমান্ত এমনকি মানুষের বেঁচে থাকাকেও হুমকির মুখে ফেলে, তখন শুধু ‘নির্বাচনের স্বচ্ছতা’ যাচাইয়ের কারিগরি মানদণ্ড দিয়ে মূল সমস্যার সমাধান সম্ভব নয়। এসব সংকট একসঙ্গে সমাজের গণতান্ত্রিক প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। একই সঙ্গে ক্ষমতার বিকল্প কেন্দ্র গড়ে ওঠার পথও বন্ধ করে দেয়।
আরব বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা হলো মৌলিক সার্বভৌমত্ব ও মানবিক মর্যাদার অধিকার অস্বীকার করা।
উত্তরণের পথ
ভি-ডেমের ২০২৬ সালের গণতন্ত্রবিষয়ক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে বিশ্বের সবচেয়ে স্বৈরতান্ত্রিক অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অঞ্চলের ৯০ শতাংশের বেশি মানুষ পূর্ণ স্বৈরতন্ত্র অথবা নির্বাচনী স্বৈরতন্ত্রের অধীনে বসবাস করছেন। নির্বাচনী স্বৈরতন্ত্রে নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রকৃত গণতান্ত্রিক প্রতিযোগিতা ও স্বাধীনতা সীমিত থাকে। ২০২১ সালের পর গণতান্ত্রিক ব্যবস্থার ভাঙনের কারণে তিউনিসিয়াও এই তালিকায় রয়েছে। অথচ আরব ব্যারোমিটারের বিভিন্ন জরিপে দেখা গেছে, আরব দেশগুলোর অধিকাংশ মানুষ এখনো অন্য যেকোনো শাসনব্যবস্থার চেয়ে গণতন্ত্রকেই বেশি পছন্দ করেন।
অর্থাৎ গণতন্ত্রের সূচক যতই নিচে নামুক না কেন, এই অঞ্চলে এখনো আশার জায়গা রয়েছে। সেই আশার উৎস খুঁজে পাওয়া যায় আরব সমাজের মানুষের নিজেদের রাজনৈতিক উদ্যোগ নেওয়া ও পরিবর্তন ঘটানোর দীর্ঘস্থায়ী সক্ষমতার মধ্যে।
এই অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠী অবরোধের মধ্যেও পরস্পরকে সহায়তা করার ব্যবস্থা গড়ে তুলছে। তারা নাগরিক মর্যাদা রক্ষায় সক্রিয় রয়েছে এবং পারস্পরিক সংহতির নতুন পথ খুঁজে নিচ্ছে। এসব উদ্যোগ প্রমাণ করে, বোমা মেরে কিংবা আইন প্রণয়ন করে মানুষের আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করা যায় না।
তাই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণতন্ত্র নিয়ে আলোচনা শুরু করতে হবে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা, স্বাধীনতার চর্চা এবং নিজস্ব ইতিহাস থেকে। এ ক্ষেত্রে সাম্রাজ্যবাদী চিন্তাধারার বোঝা ঝেড়ে ফেলতে হবে।
তবে পশ্চিমাদের প্রভাবশালী মডেল প্রত্যাখ্যান করার অর্থ এই নয় যে, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে থাকা সমমনা পশ্চিমা ব্যক্তিদের সঙ্গে সংলাপের পথ বন্ধ করে দিতে হবে। বরং প্রয়োজন বিভিন্ন সংস্কৃতির মধ্যে প্রকৃত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়। সেই সম্পর্ক গড়ে উঠতে হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, এক পক্ষের অভিভাবকসুলভ নির্দেশনার ভিত্তিতে নয়।
বাইরে থেকে গণতন্ত্রের কোনো তাত্ত্বিক ছক আমদানি করার বদলে গণতন্ত্রায়ণের ধারণাকে নতুনভাবে কাজে লাগাতে স্থানীয় ঐকমত্য গড়ে তোলা এবং জনগোষ্ঠীভিত্তিক শাসনব্যবস্থার নিজস্ব ঐতিহ্যকে কাজে লাগানো যেতে পারে।
এ ধরনের উদ্যোগের মধ্যে রয়েছে সম্পদ সংগ্রহ ও ভাগাভাগির সমবায়, নারীদের পরিচালিত ঋণ ও পারস্পরিক সহায়তা তহবিল, প্রতিবেশীদের সংহতিমূলক সংগঠন, বিকেন্দ্রীভূত গণসমাবেশ, শ্রমিক সংগঠন এবং জনগণের অংশগ্রহণভিত্তিক পৌর উদ্যোগ।
নাগরিক অংশগ্রহণের এসব ক্ষেত্র ঐতিহাসিকভাবেই সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছে। একই সঙ্গে স্থানীয় পর্যায় থেকে উদ্যোগ নিয়ে বিরোধ নিষ্পত্তি করেছে। জনগণকেন্দ্রিক এই ধরনের সংগঠিত সামাজিক কর্মকাণ্ড আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাইরে মানুষের মধ্যে সমমর্যাদার ভিত্তিতে গভীর আস্থা এবং পারস্পরিক জবাবদিহি গড়ে তুলতে পারে।
সুস্থ ধারার রাজনৈতিক দলগুলোও ন্যায্য রাজনৈতিক প্রতিযোগিতা ও ক্ষমতা ভাগাভাগিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। বহুদলীয় সংসদে নির্বাহী বিভাগের ক্ষমতার ওপর কার্যকর নজরদারিও রাখতে পারে তারা।
এমনকি গভীরভাবে প্রতিষ্ঠিত স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার মধ্যেও বিরোধী আন্দোলন ও নাগরিক জোটগুলো ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে পারে। এ জন্য অভিন্ন সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষের ভিত্তিতে মতাদর্শগত বিভেদ অতিক্রম করে জোট গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি পৌরসভা ও শ্রমিক সংগঠনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। স্বাধীন ডিজিটাল গণমাধ্যমকে কাজে লাগিয়ে মূল ক্ষমতাকাঠামোর বাইরে থেকেও ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা চালাতে হবে।
শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার গণতন্ত্রকে এই সংকটের বেড়াজাল থেকে মুক্ত করার পথ বাইরের কোনো শক্তির উদ্ধার প্রচেষ্টা কিংবা পশ্চিমাদের পুরোনো ছক নতুন করে প্রয়োগের মধ্যে নেই। এর পথ হলো রাজনীতিকে আবার জনগণের নিজস্ব অধিকার ও স্থানীয় বাস্তবতার ভিত্তিতে প্রতিষ্ঠা করা। এমন রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে নাগরিকদের ধৈর্যশীল ও ধারাবাহিক প্রচেষ্টায়। সেই নাগরিকেরা নিজেদের মর্যাদা, ভূমি কিংবা সম্মিলিত ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কোনোভাবেই ছেড়ে দিতে রাজি নন।
লেখক: সোফিয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক
এই নিবন্ধে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব।
মতামত লেখকের নিজস্ব। এই সময়-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এর মিল না-ও থাকতে পারে।