মূল লেখায় যান
এই সময়

দুপুর ১:৪৫

ভাঙচুর করে ভারতে পালানো গোপালগঞ্জের যুবক সাতক্ষীরা সীমান্তে আটক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
প্রান্ত তালুকদার
প্রান্ত তালুকদার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রান্ত তালুকদার (২০) নামে গোপালগঞ্জের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত স্বীকার করেছেন যে গত ১৯ ও ২০ নভেম্বর তিনি গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সরকারবিরোধী প্রতিবাদ মিছিলে অংশ নেন এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এরপর গত ২৬ নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করছিলেন। সেখান থেকে শনিবার বাংলাদেশে ফেরার সময় বিজিবির আভিযানিক দলের হাতে তিনি আটক হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রান্ত তালুকদার ২০২৫ সালে গোপালগঞ্জ জেলার গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যপদ লাভ করেছিলেন। তবে সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।

আটক যুবককে অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার রাতেই কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের সই করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:যুবক

খবরটি শেয়ার করুন