রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠিত ‘মাস্টারকার্ড প্রেজেন্টস রাইজ অ্যাবাভ অল ১০এক্স ২০২৬, পাওয়ার্ড বাই এমটিবি (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক)’ শীর্ষক আয়োজনে অংশ নিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ১১০ শিক্ষার্থী। এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে গত ২৭ নভেম্বর তারা এ আয়োজনে যোগ দেন। তরুণদের ব্যক্তিগত ও ক্যারিয়ার উন্নয়ন, নেতৃত্ব এবং পেশাগত যোগাযোগ (নেটওয়ার্কিং) ভিত্তিক এ আয়োজনের দশম আসরে ক্লাবটি আনুষ্ঠানিক ক্লাব পার্টনার হিসেবে যুক্ত ছিল।
প্রশিক্ষক, বক্তা ও উদ্যোক্তা গুলাম সামদানি ডনের প্রতিষ্ঠিত ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালট্যান্সি এ আয়োজন করে। তরুণদের নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, উদ্যোক্তা মানসিকতা, ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয় দক্ষতা ও অনুপ্রেরণা জোগানোই প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য।
এবারের আসরে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, করপোরেট নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাজীবী ও প্রশিক্ষকেরা অংশ নেন। আয়োজনজুড়ে ছিল অনুপ্রেরণামূলক আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, ক্যারিয়ার ও নেতৃত্ববিষয়ক সেশন, উদ্যোক্তা উন্নয়ন, পেশাগত যোগাযোগের সুযোগ এবং বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণমূলক (ইন্টারঅ্যাকটিভ) ও বিনোদনমূলক কার্যক্রম।





