যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে মাটি কাঁপতে থাকার ঠিক সেই মুহূর্তে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল ডেল্টা এয়ারলাইন্সের একটি প্লেন। বিপদ এড়াতে তাৎক্ষণিকভাবে প্লেনটিকে অবতরণ না করে আবারও উড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও এবং বিমানবন্দরে লাগানো একটি ক্যামেরায় এই মুহূর্তটি ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, ডেল্টা এয়ারলাইন্সের প্লেনটি রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছে। ঠিক ওই সময় এয়ার কন্ট্রোল থেকে বলা হয়, “ডেল্টা ১৯৭২, অন্যদিকে যান, অন্যদিকে যান। আমাদের এখানে বড় ভূমিকম্প হচ্ছে।” নির্দেশনা মেনে পাইলট অবতরণের চেষ্টা বাতিল করেন এবং প্লেনটি আবারও আকাশে উড়িয়ে নিয়ে যান।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন উপকূলীয় সৈকত থেকে ছয় মাইল দূরে। ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনির কারণে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের বেশ কয়েকটি জানালা ভেঙে যায় এবং বিমানবন্দরের ভেতরে থাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।





