মূল লেখায় যান
এই সময়

সকাল ৯:১৯

মাদারীপুরে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
মাদারীপুরে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনি পৌর মাছ বাজার এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে এই সংঘর্ষ চলাকালে প্রায় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় বাজারজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বাড়ি চলে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, পতিত হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও একটি পাল্টা মিছিল বের করেন।

এ সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং উভয় পক্ষই বৃষ্টির মতো হাতবোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এ বিষয়ে কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা দ্বন্দ্ব চাই না। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন