এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের পেছনে চীনের হাত থাকার প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দাদের তথ্য বলছে, প্রেম থেকেই তাদের সম্পর্ক গড়ে উঠে থাকতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা কংগ্রেসের কর্মীদের জানিয়েছেন, সম্পর্ক চলাকালে অ্যালিসের কাছে তথ্য চেয়েছিল চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস)। চীনের আইন অনুযায়ী অ্যালিসের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা ছিল। গোয়েন্দা সংস্থাটির সঙ্গে তার যোগাযোগও ছিল। তবে তিনি গুরুত্বপূর্ণ কোনো গোয়েন্দা তথ্য দিয়েছেন, এমন ইঙ্গিত পায়নি যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিসের স্বামী হিসেবে পরিচিত কাং ওয়েই এমএসএসের হয়ে কাজ করতেন। সংস্থাটির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।
অ্যালিসকে গুপ্তচর হিসেবে বিবেচনা করা নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন, চীনকে যেকোনো তথ্য দিলেই তাকে গুপ্তচর বলা যায়। অন্যদের মতে, আইনি বাধ্যবাধকতার কারণেও তিনি যোগাযোগ রাখতে পারেন।
মার্কিন রপ্তানি বিধিনিষেধ লঙ্ঘন করে চীনে এনভিডিয়ার চিপ পাচারের অভিযোগ রয়েছে। জেনসেন ও অ্যালিসের সম্পর্কের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা। এনভিডিয়ার পরিচালনা পর্ষদও বিষয়টি তদন্ত করছে।
রয়টার্স জানিয়েছে, অ্যালিসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চীনের বড় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তথ্যকেন্দ্রের জন্য অর্থ সংগ্রহ করেছে। এ জন্য তারা শক্তিশালী কম্পিউটার সরঞ্জাম জামানত রেখেছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের নথিতে সর্বোচ্চ ৭৬৪টি সার্ভার ও মডিউলের তথ্য রয়েছে। এগুলোর মূল্য ২৭ কোটি ডলার। এসব যন্ত্র পরস্পরের সঙ্গে যুক্ত করার সরঞ্জামের মূল্য আরও ৩ কোটি ১০ লাখ ডলার। তবে সার্ভারগুলোতে চীনে রপ্তানি নিষিদ্ধ চিপ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের বিরুদ্ধেও তদন্ত চলছে। রপ্তানি বিধিনিষেধের আওতায় থাকা এনভিডিয়ার প্রযুক্তি পেতে প্রতিষ্ঠানটি চীনা গ্রাহকদের সহায়তা করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার মেগাস্পিডকে বাণিজ্যিক কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। প্রতিষ্ঠানটি অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, অ্যালিস ২০২৫ সালের আগস্টে প্রতিষ্ঠানটি ছেড়েছেন।
চলতি মাসে পদত্যাগের ১১ দিন পর সিইও পদে ফেরেন জেনসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার চাপেই জেনসেনকে ফিরিয়েছে এনভিডিয়া। ট্রাম্প প্রশাসন কোম্পানিটিকে আশ্বস্ত করেছিল, জেনসেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এনভিডিয়াকে চাপ দিতে প্রয়োজনে ১৯৫০ সালের প্রতিরক্ষা উৎপাদন আইন প্রয়োগের কথাও বিবেচনা করেছিলেন পেন্টাগনের কর্মকর্তারা।