৫৭ বছর ধরে অমীমাংসিত থাকা একটি গণিতের সমস্যার সমাধান করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। সমস্যাটি ম্যাট্রিক্স গুণনসংক্রান্ত। এই আবিষ্কার কম্পিউটারের গণনা করার সক্ষমতার গাণিতিক সীমা সম্পর্কে নতুন ধারণা দিতে পারে।
এআই চ্যাটবট, আবহাওয়ার পূর্বাভাস ও জটিল বৈজ্ঞানিক অনুকরণে লাখ লাখ গাণিতিক হিসাব করতে হয়। এসব হিসাবের অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ম্যাট্রিক্স গুণন। ম্যাট্রিক্স বলতে সারি ও কলামে সাজানো সংখ্যার ছককে বোঝায়।
কতটা দক্ষতার সঙ্গে বড় ম্যাট্রিক্স গুণ করা সম্ভব, তা নিয়ে ১৯৬৯ সাল থেকে গবেষণা করছেন গণিতবিদরা। ওপেনএআইয়ের দাবি, তাদের একটি এআই মডেল এই গুণনের জন্য প্রয়োজনীয় গণনার জটিলতা নির্দেশকারী সূচকের সুনির্দিষ্ট মান নির্ধারণ করেছে। এই মান ২ দশমিক ২৫।
গাণিতিক সূচকটি গ্রিক বর্ণ ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। গবেষণার ফলাফল নিয়ে একটি প্রাথমিক গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। তবে কোন এআই মডেল এই সমস্যার সমাধান করেছে, তা জানানো হয়নি। গবেষকদের দাবি, সব ধরনের গাণিতিক ক্ষেত্রের বর্গাকার ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে সূচকটির সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা একই মানে নির্ধারণ করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং জানিয়েছে, গত ২ অক্টোবর ওপেনএআই এ বিষয়ে একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছিল। সে সময় সূচকটির সর্বোত্তম সীমা ছিল ২ দশমিক ৩৭১১৭৭। নতুন ফলাফল আগের সেই অর্জনকে ছাড়িয়ে গেছে।
তবে এই আবিষ্কারের ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য এআই প্রযুক্তির গতি হঠাৎ বেড়ে যাবে না। কম্পিউটারের গণনা করার দক্ষতাও রাতারাতি বাড়বে না। কারণ, এটি মূলত একটি তাত্ত্বিক আবিষ্কার। ভবিষ্যতে গণনাপদ্ধতি, কম্পিউটার প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বাস্তবে এর প্রয়োগ ঘটাতে সময় লাগতে পারে।
ওপেনএআইয়ের এই দাবি এখনো স্বাধীন বিশেষজ্ঞদের পর্যালোচনা ও যাচাইয়ের মধ্য দিয়ে যায়নি। অবশ্য গণিতের জগতে এআইয়ের এমন সাফল্য এবারই প্রথম নয়। এর আগে গুগলের ডিপমাইন্ডের আলফাজিওমেট্রি নামের এআই ব্যবস্থা জ্যামিতির ৩০টি কঠিন সমস্যার মধ্যে ২৫টির সমাধান করেছিল। এর মাধ্যমে গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীর কাছাকাছি দক্ষতা দেখিয়েছিল প্রযুক্তিটি।