মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠী রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটি।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার তাদের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে বলে আইসিজে যে রায় দিয়েছে, মালয়েশিয়া তাকে সম্মান জানায়। এই রায়ের বিভিন্ন বিষয় নিয়ে কুয়ালালামপুর জাতিসংঘ, ওআইসি, আসিয়ানসহ অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সঙ্গে আলোচনা ও কাজ চালিয়ে যাবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই দীর্ঘস্থায়ী সংকটের একটি সামগ্রিক ও স্থায়ী সমাধানের পক্ষে মালয়েশিয়া কাজ চালিয়ে যাবে। এর অংশ হিসেবে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করবে দেশটি।





