মূল লেখায় যান
এই সময়

বিকেল ৫:৫৭

ব্রেকিং নিউজ

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তিনটি তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২৩ নভেম্বর) আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজগুলোতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

আইআরজিসির দাবি, জাহাজগুলোকে পাহারা দিয়ে নিরাপত্তা দিচ্ছিল মার্কিন সামরিক বাহিনী। তবে মার্কিন সামরিক সহায়তা থাকা সত্ত্বেও এসব ঘটনা ঠেকানো সম্ভব হয়নি।

জাহাজের মালিক, ক্যাপ্টেন ও শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালি কোনো অনুমোদনহীন নৌপথ পরীক্ষা করার কিংবা সামুদ্রিক সতর্কবার্তা উপেক্ষা করার জায়গা নয়।’

আইআরজিসি জানায়, মার্কিন সামরিক বাহিনীর পাহারা বা নিরাপত্তা কোনোভাবেই সামুদ্রিক নিয়মকানুন এবং আইআরজিসির নৌবাহিনীর ট্রাফিক কন্ট্রোল সেন্টারের নির্দেশনা মানার বিকল্প হতে পারে না।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অনুমোদনহীন পথে চলাচল কিংবা জারি করা সতর্কবার্তা অমান্য করাকে আগ্রাসী শক্তির সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঘোষিত নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আইআরজিসির এসব দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট

খবরটি শেয়ার করুন